গ্রামবাসীদের জমি দখল করে টিনের পাঁচিল দিয়ে ঘিরে একটি বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙড়ের মালঞ্চ এলাকায়। আর সেই জমি ঘেরার কাজের প্রতিবাদ করার পরেই রাতের অন্ধকারে প্রায় দুই বিঘা জমির সবজি চাষে কীটনাশক ছড়িয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালঞ্চ এলাকায় প্রায় পাঁচ বিঘা জমি আচমকাই টিনের পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই টিনের পাঁচিল ভেঙে দেন বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, তাঁদের জমি দখল করে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই ঘেরার কাজ চলছিল।
অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করার পরেই প্রতিশোধ নিতে রাতের অন্ধকারে চাষের জমিতে কীটনাশক ছড়িয়ে দেওয়া হয়। এর জেরে প্রায় দুই বিঘা জমির সবজি ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ওই জমিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লঙ্কা-সহ বিভিন্ন ধরনের সবজির চাষ করেছিলেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, এই ঘটনার পিছনে এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত জাকির মোল্লা ও তাঁর অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী এবং আইএসএফ নেতৃত্ব। তাঁদের আরও দাবি, বর্তমানে জাকির মোল্লা নিজেকে বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি করছেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। জমি ঘেরার কাজে তাঁর যুক্ত থাকার অভিযোগ নিয়ে যোগাযোগ করা হলে জাকির মোল্লা কোনও মন্তব্য করতে চাননি।

