নিজস্ব প্রতিবেদন, দক্ষিণ ২৪ পরগনাঃ সামান্য বিবাদের জেরেই কি প্রাণ গেল শঙ্কর সর্দারের? দোকানের সামনে বাইক রাখা নিয়ে বচসার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছের একটি জলাজমি থেকে উদ্ধার হল তাঁর পচাগলা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের স্ত্রী মিনতি সর্দারের অভিযোগ, দোকানের সামনে বাইক রাখা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে তাঁর স্বামী শঙ্কর সর্দারকে। তাঁর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
এই ঘটনায় খুনের অভিযোগে আচিরালি লস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ। আড়াইবাঁকি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হলে তার পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু কী ঘটেছিল সেদিন রাতে? দোকানের সামনে বাইক রাখা নিয়ে বিবাদ থেকেই কি এই মর্মান্তিক পরিণতি? এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে জীবনতলা থানার পুলিশ।
তিন দিন নিখোঁজ থাকার পর জলাজমি থেকে শঙ্কর সর্দারের দেহ উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।


